অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে দায়ের মামলায় নাসির-তামিমা খালাস

nasir-tamima

তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির হোসেন ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত রায়ে উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। এ কারণে নাসির হোসেন ও তামিমা সুলতানাকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।

এ ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

পরে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন।