শুরুতেই ব্রায়ান ব্রবির জোড়া গোল, এরপর দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর দুর্দান্ত জোড়া আঘাত। শেষদিকে ক্রিসেনসিও সামারভিলের গোল। সব মিলিয়ে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস।
শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা। ম্যাচের মাত্র ৫ মিনিটে কোডি গাকপোর বাড়িয়ে দেওয়া বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি।
১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন এই স্ট্রাইকার। দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সুইডেন। তবে ইয়োকেরেস ও আলেকজান্ডার ইসাকদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন।
প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা নেদারল্যান্ডস বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে। ৪৭ মিনিটে ডামফ্রিসের ক্রস থেকে ব্যাক পোস্টে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।
এর সাত মিনিট পর সামারভিলের পাস থেকে বক্সের ভেতরে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। চলতি বিশ্বকাপের ৩৩তম ম্যাচে এটি ছিল টুর্নামেন্টের ১০০তম গোল, যা ১৯৫৮ সালের পর দ্রুততম শততম গোলের রেকর্ড গড়েছে।
৫৯ মিনিটে আলেকজান্ডার ইসাকের থ্রু পাস থেকে গোল করে ব্যবধান কমান সুইডেনের অ্যান্থনি ইলাঙ্গা। তবে শেষদিকে মেমফিস ডিপাইয়ের পাস থেকে গোল করে সুইডেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ক্রিসেনসিও সামারভিল।
বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান ছিল। নেদারল্যান্ডস ৫১ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখে ১০টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সুইডেন ৪৯ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে ৮টি।
এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন। এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জাপান এবং পয়েন্টশূন্য অবস্থায় চতুর্থ স্থানে রয়েছে তিউনিসিয়া।
