পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।
পোস্টে তারেক রহমান বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার পথনির্দেশনা আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব শুধু আনন্দের নয়, এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন আর ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে।”
হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান ও সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনাই ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তিনি আরও বলেন, এই পবিত্র দিনে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন, যেন দেশ ও বিশ্বের সকল মুসলমানের ত্যাগ কবুল হয় এবং সমগ্র মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়।
পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রী দোয়া করে বলেন, “আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”
