পর্তুগালে প্রায় ৪ লাখ অভিবাসীর আবেদন অনুমোদন করলো AIMA

AIMA-News

পর্তুগালে অভিবাসন প্রক্রিয়ায় বড় অগ্রগতি এসেছে। দেশটির Agency for Integration, Migration and Asylum AIMA প্রায় ৩ লাখ ৮৫ হাজার নতুন অভিবাসীর আবেদন অনুমোদন করেছে। পর্তুগালের প্রেসিডেন্সি মন্ত্রী পার্লামেন্টে এ তথ্য তুলে ধরেছেন।

সরকারি হিসাব অনুযায়ী, অনুমোদিত এসব আবেদন নতুন অভিবাসীদের বৈধভাবে পর্তুগালে বসবাস ও কাজের সুযোগ আরও সহজ করবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুরোনো আইন অনুযায়ী আবেদন মূল্যায়নের নিশ্চয়তা

এদিকে পর্তুগালের Institute of Registries and Notaries (IRN) নিশ্চিত করেছে যে, নাগরিকত্বের আবেদনগুলো জমা দেওয়ার তারিখ অনুযায়ী মূল্যায়ন করা হবে। অর্থাৎ নতুন আইন কার্যকর হওয়ার আগে যারা আবেদন করেছেন, তাদের আবেদন আগের আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

এর ফলে আবেদনকারীরা পূর্বের স্বল্প মেয়াদের রেসিডেন্সি শর্তের সুবিধা পাবেন। বিষয়টি নিয়ে অনেক অভিবাসীর মধ্যে অনিশ্চয়তা থাকলেও IRN-এর এই ঘোষণায় স্বস্তি ফিরেছে।

পর্তুগালের প্রেসিডেন্ট António José Seguro প্রশাসনিক প্রক্রিয়ায় ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, চলমান আবেদনগুলো যেন নতুন আইনের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এটি রাষ্ট্রের প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত পর্তুগালে বসবাসরত ও নাগরিকত্বের অপেক্ষায় থাকা হাজারো অভিবাসীর জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।