চার দিনের ধর্মঘটে যাচ্ছে পর্তুগালের AIMA

AIMA

পর্তুগালের অভিবাসন, একীকরণ ও আশ্রয়বিষয়ক সংস্থা AIMA আগামী সপ্তাহে চার দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছে। এতে দেশটিতে বসবাসরত হাজারো অভিবাসী ও প্রবাসীদের সেবা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটির কর্মীদের সংগঠন Syndicate of Migration Technicians (STM) জানিয়েছে, ধর্মঘট অনুষ্ঠিত হবে ১, ২, ৩ ও ৫ জুন। এর সঙ্গে জাতীয় ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে কর্মীরা কার্যত টানা নয় দিনের বিরতি পাবেন।

সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে চলমান কাঠামোগত সমস্যা, অতিরিক্ত কাজের চাপ এবং জনবল সংকটের কারণে কর্মপরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

STM এক বিবৃতিতে জানিয়েছে, কর্মীদের ওপর চাপ বাড়লেও প্রয়োজনীয় মানবসম্পদ ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানো হয়নি। ফলে নিয়মিত অভিবাসন ও বৈধকরণ প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

ধর্মঘটের কারণে রেসিডেন্স পারমিট নবায়ন, ভিসা আবেদন, ফ্যামিলি রিইউনিফিকেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা।

STM আরও অভিযোগ করেছে, জটিল কারিগরি কাজে অতিরিক্ত আউটসোর্সিং ব্যবহারের ফলে সেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে AIMA-এর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।

সংগঠনটির মতে, সরকার এখন পর্যন্ত অভিবাসন কর্মকর্তাদের মর্যাদা, স্থিতিশীলতা ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। অতীতে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

তবে STM জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী এবং সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্য সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ চায়।

বিশ্লেষকদের মতে, বর্তমানে পর্তুগালে বিপুলসংখ্যক অভিবাসীর আবেদন জমে থাকায় AIMA-এর ওপর চাপ অনেক বেড়েছে। এর মধ্যে নতুন ধর্মঘট পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।