পর্তুগালের নতুন নাগরিকত্ব আইন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে দেশটির রেজিস্ট্রি ও নোটারি ইনস্টিটিউট (আইআরএন)। সংস্থাটি জানিয়েছে, নতুন জাতীয়তা আইন শুধুমাত্র নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগে জমা দেওয়া আবেদনগুলো পুরোনো আইন অনুযায়ীই নিষ্পত্তি করা হবে।
আইআরএনের ব্যাখ্যা অনুযায়ী, নাগরিকত্ব আবেদন কোন আইনের আওতায় বিবেচিত হবে তা নির্ধারণ করা হবে আবেদন জমা দেওয়ার তারিখের ভিত্তিতে। অর্থাৎ, নতুন আইন অনুমোদনের আগে যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আগের আইনের শর্তই কার্যকর থাকবে। এর মধ্যে পর্তুগালে কম সময় বসবাসের শর্তও অন্তর্ভুক্ত রয়েছে।
এই ঘোষণায় অনেক অভিবাসী ও নাগরিকত্ব প্রত্যাশীর উদ্বেগ কিছুটা কমেছে। কারণ নতুন আইনে নাগরিকত্ব পাওয়ার শর্ত আরও কঠোর হতে পারে বলে আলোচনা চলছিল।
এদিকে পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরোও প্রশাসনিক প্রক্রিয়ায় ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, চলমান আবেদনগুলো যেন নতুন আইনের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, সরকারের এই অবস্থান পর্তুগালে বসবাসরত বহু বিদেশি নাগরিকের জন্য স্বস্তির খবর। বিশেষ করে যেসব অভিবাসী দীর্ঘদিন ধরে নাগরিকত্বের অপেক্ষায় রয়েছেন, তারা এখন আগের নিয়মেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা করতে পারবেন।
