পল্লবীর শিশু রামিসা হত্যা: বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ramisa-family-pm-tarique-rahman-pallabi

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। নিহত শিশুর বড় বোনের পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে পল্লবীতে রামিসাদের বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিহত শিশুর বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

এ সময় রামিসার বাবার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী বলেন, “এই অন্যায়ের সাথে যে জড়িত, তার বিচার আমরা আগে করতে চাই। এক সন্তানকে আল্লাহপাক নিয়ে গেছেন, আরেক সন্তান আপনাদের কাছে আছেন। ওর দিকে তাকিয়ে আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।”

তিনি আরও জানান, রামিসার বড় বোনের পড়াশোনা থেকে শুরু করে ভবিষ্যতের প্রয়োজনীয় সব ব্যয়ভার তিনি বহন করবেন।

প্রধানমন্ত্রীর সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিবারটিকে সান্ত্বনা দিয়েছেন এবং রামিসার বড় বোনের জীবনের সব ধরনের শিক্ষাব্যয় ও আনুষঙ্গিক খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রামিসার মা-বাবা ও তার বড় বোনের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।