পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থে চাঙাভাব দেখা গেছে দেশের রেমিট্যান্স প্রবাহে। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এপ্রিলজুড়ে দেশে এসেছে প্রায় ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৮ হাজার কোটি টাকারও বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত এপ্রিল মাসে মোট ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা) অনুযায়ী, এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকা।
খাত সংশ্লিষ্টদের মতে, ঈদ উপলক্ষে কোরবানির পশু কেনা, পরিবারের বাড়তি খরচ মেটানোসহ বিভিন্ন প্রয়োজনে প্রবাসীরা বেশি করে অর্থ পাঠাচ্ছেন। ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও সহায়ক ভূমিকা রাখছে।
এদিকে, এর আগের মাস মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড গড়ে। ফেব্রুয়ারিতে এই অঙ্ক ছিল ৩০২ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯৩৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।
