সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানিয়েছে সরকার। তাঁরা হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি। রোববার (১১ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাঁদের পরিচয় নিশ্চিত করেছে।
নিহত শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাঁর বাবা মো. রফিকুল ইসলাম এবং মা মোছা. শাহেরা বেগম।
অন্যদিকে নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তাঁর বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন।
নাসরুল্লাহ বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানিয়েছেন তাঁর ভগ্নিপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। জাগো নিউজকে তিনি জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকা ছাড়েন নাসরুল্লাহ। আগামী ২৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল। অপর নিহত শাহেদ আহম্মেদ সৌদি আরবে কাজ করতেন।
এদিকে হামলায় আহত চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
প্রতিমন্ত্রী জানান, নিহত বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে। তবে মরদেহ দেশে আনার নির্দিষ্ট সময় জানানো হয়নি।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা বন্ধের পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
