ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে তার ছবি প্রকাশ করে তাকে গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে।
ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন (৪৩)। তিনিও বাংলাদেশি নাগরিক। শনিবার স্থানীয় সময় বিকেলে রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে তার ছবি প্রকাশ করা হয়। এর কয়েক ঘণ্টা আগে রোমের একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশি দম্পতি কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরওয়া ইসলাম আরিশা।
তবে হামলার সময় পরিবারের ২০ বছর বয়সী ছেলে আয়ান প্রাণে বেঁচে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনিই বর্তমানে তদন্তের গুরুত্বপূর্ণ সাক্ষীদের একজন।
ইতালির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। তাকে ধরতে রোমজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।
নিহত কামাল উদ্দিন বাবুলের বাড়ি বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। স্বজনদের দাবি, ২০২৫ সালের জুলাই মাসে তার পরিবারের বাড়িতে একটি কথিত ডাকাত দলের নামে হুমকির চিঠি পাওয়া গিয়েছিল। সেখানে স্বর্ণালঙ্কার ও অর্থ দাবি করা হয় এবং দাবি পূরণ না হলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম জানান, সে সময় বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছিল। এরপর নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে ইতালিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর তাদেরও হতবাক করেছে।
এদিকে ইতালীয় তদন্তকারীরা হত্যার পেছনের উদ্দেশ্য, সন্দেহভাজনের সঙ্গে নিহত পরিবারের সম্পর্ক এবং ঘটনার পূর্বাপর পরিস্থিতি খতিয়ে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজনের কিছু পোস্টও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
রোমের বাংলাদেশি কমিউনিটিতে এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইতালীয় পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।
