ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডে বাবা, মা ও বোনকে হারানো এবং গুরুতর আহত অবস্থায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া তরুণ আমির হোসাইনকে বিশেষ ব্যবস্থাপনায় নতুন পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১২ আগস্ট) আমির হোসাইন রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গেলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার হাতে নতুন পাসপোর্ট তুলে দেন।
এ সময় রাষ্ট্রদূত আমিরের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের হারানোর ঘটনায় গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রদূত আমিরকে আশ্বস্ত করে বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক যোগাযোগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, গত ২৬ জুন রোমের ‘ভিয়া মন্তিলিও’ (Via Montiglio) এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুষ্কৃতকারীদের নৃশংস হামলার ঘটনা ঘটে।
ওই হামলায় আমিরের বাবা মরহুম কামাল উদ্দিন, মা ও বোন নির্মমভাবে নিহত হন। হামলায় আমির নিজেও গুরুতর আহত হন এবং দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে আমির বর্তমানে ওই মর্মান্তিক ঘটনার পরবর্তী সময় পার করছেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় নিহত একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আনুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আমিরের পাশে থাকার পাশাপাশি হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায়বিচারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে অনুসরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়ে কাজ করছে দূতাবাস।
