বছরের পর বছর মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁরা। গোল, শিরোপা কিংবা ব্যক্তিগত স্বীকৃতি—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তুলনার শেষ ছিল না। আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ের পর এবার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর প্রতি শ্রদ্ধা জানালেন রোনালদো।
বিদায়ী ম্যাচের স্মৃতি নিয়ে ইনস্টাগ্রামে মেসির দেওয়া পোস্টে মন্তব্য করেছেন পর্তুগিজ তারকা। দেশের হয়ে মেসির দীর্ঘ পথচলার প্রশংসা করে রোনালদো লিখেছেন, ‘আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার শ্রদ্ধা। আলিঙ্গন।’ মেসির গড়া ইতিহাস চিরকাল টিকে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেসি। আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ে নিজে একটি গোল করেন, অন্য দুটি গোলে সহায়তা করেন। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে শেষ হয় জাতীয় দলের হয়ে তাঁর ২১ বছরের পথচলা।
বিদায়ের পরদিনই আকাশি–সাদা জার্সির জন্য মন কেমন করার কথা জানান মেসি। ইনস্টাগ্রামের দীর্ঘ লেখায় তিনি বলেন, সিদ্ধান্তটি সঠিক বলে মনে করলেও জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি এরই মধ্যে মিস করছেন। আনন্দ ও কষ্ট মিলিয়ে এই দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপ তাঁর কাছে মূল্যবান।
সেই লেখায় পরিবার, সতীর্থ, কোচ ও তাঁদের সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান মেসি। স্মরণ করেন ডিয়েগো ম্যারাডোনাকেও। দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য নিজের ক্লাবগুলোকেও ধন্যবাদ দেন আর্জেন্টাইন তারকা।
আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন মেসি। তাঁর নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। জাতীয় দলের সঙ্গে জিতেছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাও।
রোনালদোর এই বার্তা এল পর্তুগাল দলে তাঁর নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যে। কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধের পর জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না বলে জানিয়েছেন রোনালদো। সম্ভাব্য শাস্তি ভোগের পর ফিট থাকলে পর্তুগালের হয়ে আবারও খেলতে চান তিনি।
