বাংলাদেশের বন্দর খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশের বন্দর খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জানিয়েছে, তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় মোট ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি একটি আধুনিক বে টার্মিনাল নির্মাণে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ-এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল-এর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণ করতে চায়। একই সঙ্গে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বন্দর, রেলপথ এবং অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে বলেও প্রতিনিধি দল জানায়। এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের বিনিয়োগবান্ধব নীতি, অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সৌদি প্রতিনিধিদের অবহিত করেন।

বাংলাদেশ সফর এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জবাবে সৌদি প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারা ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরবে স্বাগত জানাতে আগ্রহী।

বৈঠকে যারা উপস্থিত ছিলেন

বৈঠকে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধি দলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।