তিন দেশের নাগরিকদের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

saudi-arabia-travel-ban

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান—এই তিন দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। একই সঙ্গে এসব দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদি আরবে প্রবেশও স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) প্রকাশিত গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, নিষেধাজ্ঞাটি শুধু সরাসরি ভ্রমণকারীদের ক্ষেত্রেই নয়, বরং অন্য কোনো দেশ হয়ে (ভায়া) সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের ক্ষেত্রেও কার্যকর হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে ডিআরসি, উগান্ডা অথবা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন—এমন যেকোনো ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ ব্যবস্থা সার্বক্ষণিক কাজ করছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, ইবোলা আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও স্বাস্থ্য পরীক্ষা আরও জোরদার করা হয়েছে। দেশের সব প্রবেশপথে স্বাস্থ্য স্ক্রিনিং, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি বা রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পদক্ষেপ নেওয়া হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।