সৌদি যুবরাজের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ

saudi-crown-prince-invites-pm-tarique-rahman

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেছেন।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। এ সময় তিনি সৌদি যুবরাজের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি যুবরাজের শুভেচ্ছাবার্তা ও আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সৌদি যুবরাজের এই আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক যোগাযোগ আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।