শেষ মুহূর্তের নাটকীয়তায় জমে উঠেছে সৌদি প্রো লিগের শিরোপা লড়াই। আগামী বৃহস্পতিবার মৌসুমের শেষ দিনে নির্ধারণ হবে চ্যাম্পিয়নের নাম। একই সময়ে প্রকাশ করা হয়েছে ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা, যেখানে জায়গা পেয়েছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
শেষ ম্যাচের আগে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। তাদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে এখনো অপরাজিত আল হিলাল। শেষ ম্যাচে দামাকের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে রোনালদোদের। অন্যদিকে আল হিলাল মুখোমুখি হবে আল ফায়হার। আল নাসর পয়েন্ট হারালেই সুযোগ তৈরি হবে আল হিলালের সামনে।
এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ফাইনালে গাম্বা ওসাকার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আল নাসর। তাই ঘরোয়া লিগ জিতে মৌসুম শেষ করাই এখন দলটির প্রধান লক্ষ্য।
২০২৩ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এবারই প্রথম বড় কোনো ট্রফি জয়ের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন রোনালদো। চলতি মৌসুমে তিনি করেছেন ২৬ গোল। পাশাপাশি সৌদি প্রো লিগের আধুনিক ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা ফরোয়ার্ড। মৌসুমে ৭ বার ম্যাচসেরা হওয়ায় বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়েও এগিয়ে আছেন তিনি।
রোনালদোর পাশাপাশি বর্ষসেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তার ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্স। আল নাসরের জার্সিতে অভিষেক মৌসুমেই মিডফিল্ডার হিসেবে ৩টি হ্যাটট্রিক করেছেন তিনি। ১২টি অ্যাসিস্ট নিয়ে বর্তমানে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা ফেলিক্স।
তালিকায় থাকা আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি ৩১ ম্যাচে করেছেন ৩২ গোল। মৌসুমে চারটি হ্যাটট্রিকের পাশাপাশি ৯ বার হয়েছেন ম্যাচসেরা।
আল কাদসিয়াহর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন হুলিয়ান কিনোনেসও। তিনি ৩০ গোল করার পাশাপাশি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ শীর্ষ পর্যায়ের গোলদাতা হয়েছেন। তার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ১৩টি ম্যাচসেরার পুরস্কার।
এ ছাড়া আল হিলালের মাঝমাঠের ভরসা রুবেন নেভেসও আছেন তালিকায়। তিনি প্রথম ফুটবলার হিসেবে সৌদি প্রো লিগে এক মৌসুমে ২ হাজারের বেশি পাস দেওয়ার রেকর্ড গড়েছেন।
এখন শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার—দুই লড়াইয়ের দিকেই চোখ ফুটবলপ্রেমীদের।
