হাসপাতালের শয্যা থেকে ওয়াংচুকের বার্তা, ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক

sonam-wangchuk-second-freedom

শিক্ষা দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চলমান অনশনের ২২তম দিনে হাসপাতালের শয্যা থেকেই দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের সমাজকর্মী সোনম ওয়াংচুক। সোমবার (২০ জুলাই) দিল্লির সংসদ ভবন অভিমুখে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি এই আন্দোলনকে ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (১৮ জুলাই) দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ ওয়াংচুককে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এরপর রোববার (১৯ জুলাই) হাসপাতাল থেকেই নিজের হাতে লেখা আট লাইনের একটি চিঠি স্ত্রী গীতাঞ্জলির মাধ্যমে বাইরে পাঠান তিনি।

চিঠিতে ওয়াংচুক লেখেন, “২০শে জুলাই, দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। ভয়মুক্ত ভারত, অন্যায়মুক্ত ভারত।” একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং তাকে বেআইনিভাবে হাসপাতালে আটকে রাখার অভিযোগ তুলে দেশবাসীকে সংসদ ভবন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও লেখেন, “পার্লামেন্টে চলুন। এই কর্মসূচিকে সফল করে তুলুন।” পরে তার সামাজিক যোগাযোগমাধ্যমেও চিঠিটি প্রকাশ করা হয়।

ওয়াংচুকের সমর্থকদের দাবি, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠা, প্রশ্নপত্র ফাঁস বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতেই এই আন্দোলন চলছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তাকে হাসপাতালে নেওয়ার পদক্ষেপকে নিরাপত্তা ও স্বাস্থ্যগত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

সোমবারের সংসদ ভবন অভিমুখে কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীরা এটিকে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতিবিরোধী বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে দেখছেন।