এসএসসি-২০২৬ প্রশ্নফাঁস চক্রে ৪ জন গ্রেপ্তার, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর প্রমাণ

SSC 2026 Question Leak

এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

গ্রেপ্তাররা হলেন—মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) ও মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের সময় ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় Counter Terrorism and Transnational Crime ইউনিট। এরপর অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে প্রথমে সিফাত আহমেদ সজিবকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বগুড়ার ধুনট, দিনাজপুরের নবাবগঞ্জ এবং সিরাজগঞ্জের তাড়াশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে প্রশ্নফাঁস সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এসব ফোন জব্দ করা হয়েছে।

মুনশী শাহাবুদ্দীন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করেছে। একই সঙ্গে তারা প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।