এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

SSC result Publish date

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। সে হিসাবে এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে।

৯ সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ

বোর্ডভিত্তিক পাসের হারের মধ্যে—

  • ঢাকা বোর্ড: ৭১.৬৩ শতাংশ
  • যশোর বোর্ড: ৬৬.২৭ শতাংশ
  • কুমিল্লা বোর্ড: ৬৫.৪২ শতাংশ
  • রাজশাহী বোর্ড: ৬৩.৬৭ শতাংশ
  • চট্টগ্রাম বোর্ড: ৫৯.৪৮ শতাংশ
  • সিলেট বোর্ড: ৫৮.৩৩ শতাংশ
  • দিনাজপুর বোর্ড: ৫৮.০৫ শতাংশ
  • ময়মনসিংহ বোর্ড: ৫৭.৩৯ শতাংশ
  • বরিশাল বোর্ড: ৬০.৩৫ শতাংশ

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ

এবার পরীক্ষার্থী ১৮ লাখের বেশি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল।

যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি eduboardresult.gov.bdeducationboardresults.gov.bd থেকেও ফল জানা যাবে।

খুদে বার্তায় ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC DHA ROLL YEAR

এরপর ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ঢাকা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ব্যবহার করতে হবে।

দাখিল পরীক্ষার্থীদের জন্য:

SSC MAD ROLL YEAR

আর কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের জন্য:

SSC TEC ROLL YEAR

এ ছাড়া ১৬২২২ নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। প্রতিটি খুদে বার্তার জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষা শেষের প্রায় তিন মাস পর ফল

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।