ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা এখন পর্যন্ত অনুমোদন পেয়েছেন মাত্র একজন

Donald Trump Golden visa

যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজের সুযোগ দিতে চালু করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর প্রস্তাবিত ‘গোল্ড কার্ড’ ভিসা। তবে উচ্চ ব্যয়ের কারণে এখন পর্যন্ত এই ভিসার অনুমোদন পেয়েছেন মাত্র একজন আবেদনকারী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক কংগ্রেসীয় শুনানিতে এ তথ্য জানান Howard Lutnick। তিনি বলেন, নতুন এই ভিসা কর্মসূচির আওতায় কয়েক দিনের মধ্যেই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে।

লুটনিক জানান, সরকার ইতোমধ্যে প্রায় ১শ’ ৩০ কোটি মার্কিন ডলার মূল্যের ভিসা বিক্রি করেছে। যদিও এখন পর্যন্ত মাত্র একজন আবেদনকারী চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, তবে শত শত আবেদনকারী অপেক্ষমাণ তালিকায় রয়েছেন এবং তাদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

এই ‘গোল্ড কার্ড’ ভিসা পেতে একজন বিদেশিকে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের সুযোগ তৈরি হয়।

এর আগে গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রথম এই ভিসা কর্মসূচির ধারণা তুলে ধরেন। প্রাথমিকভাবে তিনি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। তার মতে, এই উদ্যোগ বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনবল আকৃষ্ট করবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করবে।

এই নতুন ভিসা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের পুরোনো EB-5 Immigrant Investor Program-এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ওই কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে ভিসা পেতেন, বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে অন্তত ১০ জন কর্মী রয়েছে সেখানে বিনিয়োগের মাধ্যমে।

বিশ্লেষকদের মতে, উচ্চ বিনিয়োগের শর্তের কারণে এই ভিসা কর্মসূচি এখনো সীমিত সংখ্যক ধনী বিনিয়োগকারীর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে ভবিষ্যতে এটি যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।