চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, বি-২ (B-2) চিকিৎসা ভিসা আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, ভ্রমণ এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সব খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হবে।
শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মার্কিন দূতাবাস জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি ভিসা আবেদন পৃথকভাবে মূল্যায়ন করবেন। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে আবেদনকারীর চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।
নতুন নির্দেশনা অনুযায়ী, চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। একই সঙ্গে কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাও দিতে হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্র (Acceptance Letter) জমা দিতে হবে। ওই নথিতে চিকিৎসার সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিস্তারিত উল্লেখ থাকতে হবে।
দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাওয়া-আসার ভ্রমণ ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন আবাসন ও অন্যান্য খরচ বহনের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও দাখিল করতে হবে।
মার্কিন কর্তৃপক্ষের মতে, এসব তথ্য ও নথি আবেদনকারীর চিকিৎসা পরিকল্পনা এবং ব্যয়ভার বহনের সক্ষমতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নির্দেশনার মাধ্যমে চিকিৎসা ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ও আর্থিক প্রস্তুতির বিষয়টি আরও সুস্পষ্ট করা হয়েছে।
