যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে একজনের দেহাবশেষ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, উদ্ধার হওয়া দেহাবশেষ জামিল লিমনের। তিনি University of South Florida-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।
এদিকে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির খোঁজ এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ। নিখোঁজ দুই শিক্ষার্থীরই বয়স ২৭ বছর এবং গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা গিয়েছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামিল লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহ (২৬)-কে গ্রেপ্তার করেছে Hillsborough County Sheriff’s Office।
তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি লেক ফরেস্ট এলাকার একটি আবাসিক অঞ্চল ঘিরে ফেলে পুলিশ। সেখানকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছে উদ্ধার হওয়া দেহাবশেষ পরবর্তীতে জামিল লিমনের বলে শনাক্ত করা হয়।
শেরিফ কার্যালয় জানায়, অভিযানের সময় এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
এর আগে ১৬ এপ্রিল সকালে টাম্পায় নিজের বাসা থেকে জামিল লিমনকে সর্বশেষ দেখা যায়। একই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে নাহিদা বৃষ্টিকে সর্বশেষ দেখা গেছে বলে জানা যায়।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
ঘটনার পর বাংলাদেশি কমিউনিটি ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজ নাহিদা বৃষ্টিকে দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
