যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই বলে জানিয়েছেন তাঁর পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তিনি University of South Florida-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

জানা গেছে, গত ১৭ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আগের দিন তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বশেষ দেখা যায়।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহিদ হাসান লেখেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ পরবর্তীতে তিনি গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ভোরে তাদের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য দিয়েছে।
পরিবারের বরাতে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে যে, দুই শিক্ষার্থীর সঙ্গেই এই ঘটনা ঘটেছে। সে বৃষ্টির মরদেহ গোপন করার চেষ্টা করছিল বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে Hillsborough County Sheriff’s Office। তদন্ত এখনও চলমান রয়েছে এবং নিখোঁজ বৃষ্টির মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার, বন্ধু ও সহপাঠীরা দ্রুত ঘটনার পূর্ণ সত্য উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
