যুক্তরাষ্ট্রের রাজধানী Washington, D.C.-এ আয়োজিত ঐতিহ্যবাহী ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে Washington Hilton হোটেলে এ হামলা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি California অঙ্গরাজ্যের বাসিন্দা। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তিনি পেশায় শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার এবং California Institute of Technology থেকে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন।
ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ক্যারল জানান, হামলাকারী হোটেলের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার গুলিবিনিময় হয়। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক Wolf Blitzer জানান, তিনি খুব কাছ থেকে গুলির ঘটনা প্রত্যক্ষ করেছেন। এক পুলিশ কর্মকর্তা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে প্রাণ রক্ষা করেন।
এই সংঘর্ষে United States Secret Service-এর একজন সদস্য গুলিবিদ্ধ হন। তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কারণে তিনি গুরুতর আহত হননি এবং প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
পুলিশের ধারণা, হামলাকারী একাই এ পরিকল্পনা করেছিল এবং তিনি ওই হোটেলেই অবস্থান করছিলেন। তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার তদন্তে নেমেছে Federal Bureau of Investigation। সোমবার সন্দেহভাজনকে আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তাকে হত্যাচেষ্টা ও সহিংস অপরাধের অভিযোগ আনা হতে পারে।
এদিকে তদন্তের অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ায় হামলাকারীর সংশ্লিষ্ট একটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সশস্ত্র এজেন্টরা অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছেন বলে জানা গেছে।
বিশ্বনেতা ও মার্কিন আইনপ্রণেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।
