আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল CHEGA-এর নেতা আন্দ্রে ভেন্তুরার কার্যালয়ে ভাঙচুর ও চুরির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ভেন্তুরার দাবি, কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি চুরি হয়েছে, যার মধ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেসকে ঘিরে প্রস্তাবিত সংসদীয় তদন্ত এবং প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো সম্পর্কিত নথিও রয়েছে।
স্থানীয় গণমাধ্যম CNN Portugal-এর বরাতে জানা গেছে, চুরি হওয়া নথিগুলো সংসদীয় তদন্তের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তবে এ তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দ্রে ভেন্তুরা বলেন, নিখোঁজ হওয়া নথির একটি অংশ লুইস নেভেসকে নিয়ে প্রস্তাবিত সংসদীয় তদন্ত কমিটির সঙ্গে সম্পর্কিত। অন্য অংশে এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর কার্যালয়-সংশ্লিষ্ট রাজনৈতিক তথ্য ছিল।
তিনি আরও বলেন, নথিগুলো তার অফিসের প্রবেশপথের ঠিক প্রথম ডেস্কেই রাখা ছিল এবং সেখান থেকেই সেগুলো উধাও হয়েছে।
ঘটনার পর ভেন্তুরা এটিকে পর্তুগালের গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা গণতন্ত্রের একেবারে শূন্য বিন্দুতে এসে পৌঁছেছি।”
এ ঘটনায় এখনো পর্তুগিজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। চুরির ঘটনার তদন্ত চলছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি লুইস নেভেসকে ঘিরে একাধিক বিতর্ক সামনে আসার পর তার বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়ে আসছে চেগা। সর্বশেষ এই নথি চুরির অভিযোগ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
