পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের নৈশভোজ ও প্রীতি সন্ধ্যা অনুষ্ঠিত

portugal-bishwanath-expatriates-get-together-lisbon

ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে নৈশভোজ ও প্রীতি সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্তোরাঁয় ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল’-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হাছিব। কাওসার আহমেদ ও আল আমিনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত বিশ্বনাথের প্রবীণ ও নবীন প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝে দীর্ঘদিন পর নিজেদের এলাকার মানুষের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে উপস্থিত প্রবাসীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাসুম আহমেদ, শামীম আহমেদ, জালাল আহমেদ, রাবেল আহমেদ, হাবিবুর রহমান, শহীদ উল্লাহ, তোফায়েল আহমেদ, সুব্রত চন্দ্র ও রফিক আহমেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সুদূর পর্তুগালে বসবাস করলেও নিজেদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে।

তারা বলেন, প্রবাস জীবনে নিজেদের এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি যেকোনো সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো প্রয়োজন। ভবিষ্যতেও বিশ্বনাথের প্রবাসীদের মধ্যে ঐক্য ও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নৈশভোজের পাশাপাশি আয়োজিত প্রীতি সন্ধ্যায় প্রবাসীরা নিজেদের স্মৃতিচারণ, গল্প ও পারস্পরিক ভাববিনিময়ে মেতে ওঠেন।

বিপুলসংখ্যক প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকের কাছে লিসবনের এই মিলনমেলা প্রবাসের মাটিতে এক টুকরো বিশ্বনাথের আবহ তৈরি করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও পর্তুগালে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ব আরও জোরদার করতে এ ধরনের সামাজিক ও মিলনমুখী আয়োজন অব্যাহত থাকবে।