পাকিস্তান–শ্রীলঙ্কা আজ মুখোমুখি হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে। মঙ্গলবার (২৭ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। অপরাজিত পাকিস্তান ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কার সামনে সুযোগ ফাইনালে ওঠার পথে নিজেদের অবস্থান আরও শক্ত করার।
দুই দলই নিজেদের আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। পাকিস্তান জিতেছে শেষ উইকেটের অবিশ্বাস্য প্রতিরোধে, আর শ্রীলঙ্কা জিতেছে ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে তারা।
বাংলাদেশে কোন চ্যানেলে দেখবেন?
বাংলাদেশে প্রকাশিত টিভি সূচি অনুযায়ী, পাকিস্তান–শ্রীলঙ্কার ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। অনলাইনে সম্প্রচারের মাধ্যম হিসেবে রয়েছে ট্যাপম্যাড।
অন্য ম্যাচের সময় ও সম্প্রচার জানতে দেখুন টিভিতে আজকের খেলার সময়সূচি।
জয়ের ধারা ধরে রাখতে চায় পাকিস্তান
ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ২৪২ রান তাড়া করতে নেমে ১৫৪ রানেই নয় উইকেট হারিয়েছিল পাকিস্তান। সেখান থেকে শাদাব খান ও হারিস রউফের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে এক উইকেটের জয় পায় স্বাগতিকেরা।
শাদাবের অপরাজিত সেঞ্চুরি পাকিস্তানকে বিপর্যয় থেকে উদ্ধার করে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে ব্যাটিংয়ের সেই ধসও স্বাগতিকদের ভাবনার বিষয়।
শ্রীলঙ্কার ম্যাচে নজর থাকবে ইংল্যান্ডেরও
ইংল্যান্ডের বিপক্ষে ৪৩০ রানের লক্ষ্য পেরিয়ে শ্রীলঙ্কা দেখিয়েছে, বড় সংগ্রহ তাড়া করার সামর্থ্য তাদের রয়েছে। পাকিস্তানের বিপক্ষে সেই ব্যাটিং আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইবে লঙ্কানরা।
এই ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবে ইংল্যান্ডও। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে তাদের প্রয়োজন পাকিস্তানের জয়। এরপর নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জেতার সমীকরণ থাকবে ইংল্যান্ডের সামনে।
