ভারতের অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বুধবার (২৮ অক্টোবর) সকালে স্থলভাগে প্রবেশের পর অতি প্রবল ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের চার সমুদ্রবন্দরে বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে অর্ণব। উপকূলে আঘাতের সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছায় ঘণ্টায় ১৫০ কিলোমিটারে।
প্রায় ছয় ঘণ্টা ধরে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া চলায় উপকূলের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ঝোড়ো হাওয়া বয়ে যায়। এরপর ঝড়টির কেন্দ্র পুরোপুরি স্থলভাগে উঠে আসে। ভেতরের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও দুর্বল হওয়ার পূর্বাভাস রয়েছে।
ঘূর্ণিঝড়ের আগে অন্ধ্রপ্রদেশ ও প্রতিবেশী ওড়িশার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। প্রবল বাতাসে গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। দুর্যোগের কারণে রেল ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে। বুধবার বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়াগামী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।
উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টিও হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার বুলেটিনে বিশাখাপত্তনমের ওয়ালটেয়ারে ২১৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টির তথ্য দেওয়া হয়। একই পর্যবেক্ষণে কলিঙ্গপত্তনমে ১৪৭ দশমিক ৫, কাকিনাড়ায় ১১৮ দশমিক ৪ এবং মছিলিপত্তনমে ১১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বুধবার সকালের পাওয়া তথ্য অনুযায়ী, দুই রাজ্যে প্রাণহানির খবর জানানো হয়নি। তবে ঝড় দুর্বল হলেও ভারী বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কায় নিচু এলাকায় প্লাবন ও জনজীবনে বিঘ্নের ঝুঁকি রয়েছে।
বাংলাদেশের চার বন্দরে সতর্কতা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অর্ণব অন্ধ্র উপকূল অতিক্রম করে ওই রাজ্য ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা কিংবা ঝোড়ো হাওয়া হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবারের পূর্বাভাসে দেশের আট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিভিন্ন এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহও প্রশমিত হওয়ার আভাস রয়েছে। বিভাগভিত্তিক পরিস্থিতি জানতে পড়ুন আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস।
