২০২৬ সালের আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। পাসের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছেন ছাত্রীরা।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।
পাসের হারে এগিয়ে ছাত্রীরা
এবার আলিম পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৫৮.১০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬৪.৯০ শতাংশ।
সে হিসাবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৬.৮০ শতাংশ পয়েন্ট বেশি।
জিপিএ-৫ পেলেন ৩২৫০ জন
চলতি বছরের আলিম পরীক্ষায় মোট ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এর মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন।
আলিম পরীক্ষায় অংশ নেন ৮৯ হাজার ৩২১ জন
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
মোট পরীক্ষার্থী ছিলেন ৮৯ হাজার ৩২১ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন।
সারা দেশে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের পরীক্ষা শেষ হয়।
