কুয়েতে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু

jahed hossain kuwait explosion

কুয়েতে বিস্ফোরণের ঘটনায় জাহেদ হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জাহেদ হোসেনের সহকর্মী লুৎফুর রহমান জানান, বৃহস্পতিবার (স্থানীয় সময়) বেলা ১১টার দিকে কুয়েতের সালমি এলাকার মরু অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কুয়েতি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে সহকর্মী ও স্বজনদের ধারণা, মরু অঞ্চলে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনদের কাছ থেকে জানা যায়, প্রায় দুই বছর আগে উট চরানোর ভিসায় কুয়েতে গিয়েছিলেন জাহেদ হোসেন। দীর্ঘদিন প্রবাসে কাজ করার পর অল্প কিছুদিনের মধ্যেই ছুটিতে দেশে ফেরার কথা ছিল তার।

ব্যক্তিগত জীবনে জাহেদ হোসেনের স্ত্রী ও চার বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।