Lisbon-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল’-এর উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী নারী উদ্যোক্তা মাইন বিথীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসব প্রবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Portugal Bangla Press Club-এর সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় তিনশ পরিবার অংশ নেয় দিনব্যাপী এই আয়োজনে। শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পর্বে শিল্পী শামসুল হক, কাজী মইনুর ও গৌতম গুহসহ আরও অনেক শিল্পীর সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এ ধরনের আয়োজন সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও প্রবাসীদের জন্য এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সফল করতে বনি, রাফি, ফখরুল ও রেশমাসহ প্রবাসী স্বেচ্ছাসেবীরা সক্রিয় সহযোগিতা করেন। প্রবাসে থেকেও দেশীয় আমেজে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী পরিবারগুলো।
