পর্তুগালের রাজধানী লিসবন–এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শহরের ব্যস্ত এলাকা Praça da Figueira–তে একটি গয়নার দোকানে হামলা চালিয়ে ৪০ হাজার ইউরোর বেশি মূল্যের সামগ্রী লুট করা হয়েছে।
মঙ্গলবার বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে Ourivesaria Dólar নামের দোকানে এক ব্যক্তি হঠাৎ আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারী একটি ধাতব বস্তু দিয়ে দোকানের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং কয়েকটি মূল্যবান সামগ্রী নিয়ে দ্রুত পালিয়ে যায়।
লুট হওয়া জিনিসের মধ্যে রয়েছে তিনটি রোলেক্স ঘড়ি এবং একটি সোনার চেইন। প্রাথমিক হিসাবে মোট ক্ষতির পরিমাণ ৪০ হাজার ইউরোরও বেশি বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি একটি ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি এমন চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে বলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অনেকে।
