সিলেটে ছিনতাইকারী-চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ

Sylhet police

সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্য দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অপরাধীদের বিষয়ে তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার রাতে এসএমপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এসএমপি সূত্র জানায়, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ নীতির আওতায় নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ জনগণকে অপরাধ দমনে সম্পৃক্ত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কোনো নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধী গ্রেফতার হলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, ছিনতাইকারী বা চাঁদাবাজদের বিষয়ে তথ্য দিতে GenieA অ্যাপের মাধ্যমে অথবা হটলাইন নম্বর ০১৩৩৯-৯১১৭৪২ এ যোগাযোগ করা যাবে। এছাড়া এডিসি (মিডিয়া ও আইসিটি) এর ০১৩২০-০৬৭০৩৮ নম্বরেও তথ্য প্রদান করা যাবে।