সিলেট নগরবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে এসএমপি। এতে দুগ্ধজাত পণ্যের দোকান খোলা রাখার বিষয়ে পূর্বে দেওয়া নির্দেশনা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১৫ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল Bangladesh Sweets Manufacturers Association সিলেটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বৃহস্পতিবার থেকে বাতিল করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুসারে এখন থেকে সব ধরনের মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে হোটেল, রেঁস্তোরা, ফার্মেসি, মাছ ও কাঁচাবাজারসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
