Sylhet Metropolitan Police (এসএমপি) সিলেট মহানগরে আটক বিভিন্ন ধরনের যানবাহন ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে নতুন একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে সিলেট মহানগর এলাকায় আটক হওয়া ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
যানবাহনের প্রকৃত মালিক ও চালকদের আগামী ১ মে থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ট্রাফিক উপকমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
তবে নতুন করে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে এসএমপি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১ মে ২০২৬-এর পর থেকে যেসব যানবাহন আটক করা হবে, সেগুলো আর ফেরত দেওয়া হবে না; বরং তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।
