যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবি শিক্ষার্থী বৃষ্টি, ৫ দিনেও মেলেনি খোঁজ

nobiprobi student missing usa nahida sultana

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে নিখোঁজ রয়েছেন। গত পাঁচ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, যা পরিবার ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

জানা গেছে, তিনি বর্তমানে University of South Florida-এ স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার ও সঙ্গে থাকা ওই সহপাঠীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত হলেও এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি Consulate General of Bangladesh in Miami-কে অবহিত করা হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে Federal Bureau of Investigation-কে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতেও খোঁজ নিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। বিষয়টি জানার পর পরিবার পুলিশকে অবহিত করে এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিবার ও সহপাঠীরা বৃষ্টির নিরাপদ ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নোবিপ্রবির সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেহা নুর রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাকে দ্রুত খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চলছে।