উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার ত্রিপোলি থেকে আন্তর্জাতিক সহায়তায় ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে-এ পৌঁছে দেওয়া হয়।
International Organization for Migration (আইওএম)-এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অভিযোগ রয়েছে, সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ, নির্যাতনসহ বিভিন্ন ধরনের মানবিক সংকটের শিকার হয়েছেন।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা এবং আইওএম কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানানো হয়।
আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে।
সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
