সিলেটে দিনব্যাপী সফরে গিয়ে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রায় ২০ মিনিট অবস্থান শেষে বেরিয়ে যান।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেখানে আয়োজিত সমাবেশে যোগ দেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সিলেট সফরে আসেন তিনি। সকাল ১০টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বাসা থেকে রওনা হয়ে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
সিলেট বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
দিনব্যাপী সফরে তার কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ১১টায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন এবং বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন। এছাড়া বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সফর উপলক্ষে সিলেট শহরের বিভিন্ন সড়কে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে এবং সৌন্দর্যবর্ধনমূলক কাজও সম্পন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
