লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অবশেষে নতুন স্টেডিয়ামে প্রথম জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার নিজেদের নতুন স্টেডিয়ামে ম্যাচজুড়ে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়ান ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা। এক গোল করার পাশাপাশি দৃষ্টিনন্দন এক অ্যাসিস্টও করেন তিনি।
ম্যাচের ৩০ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করেন মেসি। আক্রমণের শুরুটাও ছিল তার পা থেকেই। লুইস সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে তেলাস্কো সেগোভিয়ার ব্যাকহিল পাস ফিরে আসে মেসির কাছে। কাছ থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।
এর ১০ মিনিট পর আবারও জাদু দেখান মেসি। ডান প্রান্ত দিয়ে উঠে আসা রদ্রিগো দে পলের পাস পেয়ে সুয়ারেজের সঙ্গে আরেকটি ওয়ান-টু খেলেন তিনি। এরপর চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে বাড়ানো পাস থেকে সহজেই গোল করেন জার্মান বেরতেরামে।
দ্বিতীয়ার্ধে আরও কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। একবার তার বাঁ পায়ের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়। যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকেও প্রায় গোল পেয়ে গিয়েছিলেন তিনি। তবে পোর্টল্যান্ড গোলরক্ষক জেমস প্যান্টেমিস দারুণ সেভ করে দলকে বড় ব্যবধানে হার থেকে বাঁচান।
গত মাসে উদ্বোধন হওয়া ২৭ হাজার দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামে এটি ছিল ইন্টার মায়ামির পঞ্চম ম্যাচ। এর আগে তিনটি ড্র ও একবার ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও অরল্যান্ডো সিটির কাছে ৪-৩ গোলে হেরেছিল তারা।
এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসির চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে তারা, যদিও ন্যাশভিল দুটি ম্যাচ কম খেলেছে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি এবার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন।
