পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এককভাবে সর্বোচ্চ শতকের মালিক হয়েছেন তিনি।
এই সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্রিকেটে মুশফিকের মোট শতকের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। এর আগে ১৩টি সেঞ্চুরি নিয়ে সাবেক অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দায়িত্বশীল ইনিংস খেলে সেই রেকর্ড এখন পুরোপুরি নিজের করে নিয়েছেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রান।
চলমান ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি বড় অর্জনের দেখা পেয়েছেন মুশফিক। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। ইনিংসের ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নেওয়ার মাধ্যমে এই কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড আগেই ছিল মুশফিকের দখলে। এবার সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করলেন তিনি।
এর আগে ইনিংসের ৬১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি পূর্ণ করেন মুশফিকুর রহিম। চলতি মাসের ২৬ তারিখ আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছর পূর্ণ হবে। ৩৯ বছর বয়সেও ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম সফল এই ক্রিকেটার।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ইনিংসটি বাংলাদেশের জন্যও বড় স্বস্তি এনে দিয়েছে। দলের বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন মুশফিক।
