পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করতে ট্যুরিস্ট ভিসা অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর এখন ৩০ ও ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রীষ্মকালীন পর্যটন মৌসুম উপলক্ষে হোটেল, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন জনপ্রিয় আকর্ষণীয় স্থানে বিশেষ ছাড়ের সুবিধাও ঘোষণা করা হয়েছে।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, দ্রুত ভিসা প্রক্রিয়ার ফলে শেষ মুহূর্তের ভ্রমণ পরিকল্পনাও এখন অনেক সহজ হয়ে উঠবে। বিশেষ করে যারা স্বল্প সময়ের মধ্যে দুবাই সফরের সিদ্ধান্ত নেন, তাদের জন্য এটি বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।
পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে, চলতি গ্রীষ্মে বিভিন্ন ছাড়ের অফার পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। অনেক হোটেলে কম খরচে কক্ষ বুকিংয়ের সুযোগ মিলছে। কোথাও কোথাও রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র ১৩৯ দিরহাম থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬৪৫ টাকার সমান।
দুবাইয়ের জনপ্রিয় হোটেল ব্র্যান্ড রোভ হোটেলস নির্দিষ্ট সময়ের জন্য ১৩৯ দিরহাম থেকে কক্ষ ভাড়ার অফার দিচ্ছে। ফলে দুই রাতের থাকার খরচ ৩০০ দিরহামেরও নিচে রাখা সম্ভব হচ্ছে, যা সাধারণ সময়ের তুলনায় অনেক কম।
শুধু আবাসন নয়, পর্যটকদের জন্য ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডের মতো জনপ্রিয় বিনোদনমূলক কার্যক্রমেও উল্লেখযোগ্য মূল্যছাড় দেওয়া হচ্ছে। আগাম বুকিং করলে খরচ আরও কমানো সম্ভব।
দুবাইয়ের অন্যতম জনপ্রিয় আকর্ষণ ডেজার্ট সাফারি। শীত মৌসুমে যেখানে এ প্যাকেজের মূল্য প্রায় ১৫০ দিরহাম থাকে, সেখানে গ্রীষ্মকালে তা নেমে আসতে পারে প্রায় ৫০ দিরহামে। তবে বুকিংয়ের আগে প্যাকেজে অন্তর্ভুক্ত সুবিধাগুলো যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া বুর্জ আল আরব ও আটলান্টিস এলাকার আশপাশে জেট স্কি রাইডেও গ্রীষ্মকালীন বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। অনেক অপারেটর আগাম বুকিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। তাই সরাসরি টিকিট কেনার পরিবর্তে অনলাইনে বিভিন্ন অফার যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, দ্রুত ভিসা অনুমোদনের সুবিধা দুবাইকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে। ভিসা পাওয়ার অনিশ্চয়তা কমে গেলে অনেক ভ্রমণকারী সহজেই দুবাইকে তাদের পছন্দের তালিকায় রাখবেন।
ভিসা আবেদনের জন্য পর্যটকরা এমিরেটসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করতে পারবেন। আবেদনকারীর কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, হোটেল বুকিংয়ের প্রমাণ এবং নিশ্চিত ফ্লাইট টিকিট জমা দিতে হবে।
সব নথি সঠিক থাকলে ৩০ অথবা ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা সাধারণত ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে। বিশেষ কিছু ক্ষেত্রে কয়েক ঘণ্টার মধ্যেও ভিসা অনুমোদনের সুযোগ রয়েছে বলে জানা গেছে।
