স্পেনে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ কর্মসূচি চলাকালীন ছয় লাখেরও বেশি অভিবাসী সরকারের দেওয়া অস্থায়ী অনুমতি নিয়ে বিভিন্ন খাতে কাজ শুরু করেছেন। সরকারের তথ্য অনুযায়ী, নিয়মিতকরণ প্রক্রিয়ায় আবেদন যাচাই চলাকালেই এসব অভিবাসী বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।
স্পেন সরকার চলতি বছর অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে। সরকারের পরিকল্পনা ছিল প্রায় পাঁচ লাখ অভিবাসীকে নিয়মিত করার। তবে আবেদন গ্রহণের শেষ দিন পর্যন্ত ১১ লাখেরও বেশি আবেদন জমা পড়ে, যা লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ।
বৃহস্পতিবার স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়, আবেদনকারীদের মধ্যে ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জন অভিবাসী অস্থায়ী কাজের অনুমতি নিয়ে বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন।
সরকারের নিয়মিতকরণ কর্মসূচি অনুযায়ী, যোগ্য আবেদনকারীদের এক বছরের বসবাসের অনুমতি দেওয়া হবে। এজন্য আবেদনকারীকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাস করতে হবে এবং তার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।
এই কর্মসূচির আওতায় চলতি বছরের ১৬ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
স্পেনের সেক্রেটারি অব স্টেট ফর মাইগ্রেশন পিলার ক্যানসেলা এবং সেক্রেটারি অব স্টেট ফর সোশ্যাল সিকিউরিটি বোরহা সুয়ারেজ জানান, প্রত্যাশার তুলনায় অনেক বেশি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের বড় অংশই লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী।
সরকার জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই চলাকালে আবেদনকারীদের কর্মসংস্থানের সুযোগ দিতে সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ৩০ জুন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অভিবাসী ইতোমধ্যে আনুষ্ঠানিক শ্রমবাজারে কাজ শুরু করেছেন।
এদিকে আবেদনকারীদের মধ্যে ১১ হাজার জন ইতোমধ্যে এক বছরের বসবাসের অনুমতিও পেয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আবেদনকারীদের ৮১ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে এবং মোট আবেদনকারীর ৫৭ শতাংশ নারী।
স্পেন সরকার বলছে, নিয়মিতকরণ কর্মসূচির মাধ্যমে শ্রমবাজারে বৈধ কর্মী বৃদ্ধি, শ্রমিক সংকট মোকাবিলা এবং অনিয়মিত অভিবাসীদের আইনি কাঠামোর আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
