মিরপুর টেস্টের প্রথম দিনে দাপট দেখানো বাংলাদেশ দ্বিতীয় দিনের শুরুতে ভালো অবস্থানে থাকলেও মধ্যাহ্নের পর ব্যাটিং ধসে বড় সংগ্রহ গড়ার সুযোগ হারিয়েছে। শেষদিকে তাসকিন আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে চারশ পার হলেও প্রথম ইনিংসে ৪১৩ রানেই থেমেছে স্বাগতিকরা।
শনিবার (৯ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। আগের দিনের ৪৮ রান নিয়ে নামা মুশফিক এদিন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূর্ণ করেন।
সকালের সেশনে এই দুজন কিছুটা প্রতিরোধ গড়লেও মধ্যাহ্ন বিরতির পর দ্রুতই ছন্দ হারায় বাংলাদেশ। দলীয় ৩৮০ রানে ১৭৯ বলে ৭১ রান করে আউট হন মুশফিক। তার ইনিংসে ছিল ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ের ছাপ।
মুশফিক ফেরার পরই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এবাদত হোসেন। এরপর একে একে শেষ সারির ব্যাটাররাও দ্রুত বিদায় নেন।
তবে ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন তাসকিন আহমেদ। মাত্র ১৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন এই পেসার। তার ইনিংসেই ৪০০ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪১৩ রানে অলআউট হয় টাইগাররা।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ আব্বাস। অভিজ্ঞ এই পেসার ৫ উইকেট শিকার করে বাংলাদেশের ইনিংসে বড় ধস নামান।
এর আগে প্রথম দিনে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৩০ বলে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২টি চার ও ২টি ছক্কা। এছাড়া মুমিনুল হক ৯১ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেন।
লিটন দাস ৬৭ বলে ৩৩ রান করে আউট হন। এরপর মেহেদী হাসান মিরাজও বড় কিছু করতে পারেননি। মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শেষদিকে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই চালিয়ে যান মুশফিক। তবে লাঞ্চের আগেই ২৩ বলে ১৭ রান করে আউট হন তাইজুল। এরপর দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
