পর্তুগালে বসবাসরত মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে ২০২৬) রাজধানী Lisbon-এর ঐতিহাসিক Martim Moniz Square-এ অনুষ্ঠিত হয়েছে ইউরোপের অন্যতম বৃহৎ ঈদ জামাত।
এই বিশাল জামাতে পর্তুগাল, বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন আফ্রিকান দেশের হাজার হাজার মুসল্লি অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় আয়োজিত এই ঈদ জামাতকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানির প্রস্তুতি নেন।
পর্তুগালের স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম মেনে নির্ধারিত অনুমোদিত স্লটার হাউজ বা কসাইখানার মাধ্যমে কোরবানি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন কর্মদিবস হওয়ায় অনেক প্রবাসী আগেভাগেই স্থানীয় হালাল মাংসের দোকান ও খামারিদের মাধ্যমে কোরবানির পশু বুকিং দিয়ে রেখেছেন।
রাজধানী লিসবনের পাশাপাশি Madeira, Algarve এবং Cascaisসহ পর্তুগালের বিভিন্ন শহরেও প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব উদ্যোগে ঈদের নামাজ ও উৎসব আয়োজন করেছেন।
প্রবাসী সাজ্জাদুর রহমান পলাশ বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর এই পবিত্র ঈদুল আজহা পর্তুগালে বসবাসরত সকল মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
প্রবাসীদের মতে, বিদেশের মাটিতে এমন আয়োজন শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দেয়।
