পর্তুগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল ইসলাম কামরানের (২৫) বাড়ি উপজেলার দয়ামীর ইউনিয়নে। তিনি মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।
জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আলমেদা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। এলাকার বাসিন্দারাও এই অকাল মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় জীবিকার সন্ধানে পর্তুগালে গিয়েছিলেন শামসুল ইসলাম কামরান। কিন্তু ভাগ্য বদলের স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করছে।
কামরানের অকাল মৃত্যুতে ওসমানীনগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
