পর্তুগালের বাজারে প্রবেশ করছে রেনাটা, শিগগিরই মিলবে বাংলাদেশের ওষুধ

renata-pharmaceuticals-portugal

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় এবার পর্তুগালে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। শিগগিরই দেশটির বাজারে রেনাটার কয়েকটি ওষুধ বাজারজাত করা হবে।

বর্তমানে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও সাইপ্রাসসহ ইউরোপের বিভিন্ন দেশে রেনাটার ওষুধ বাজারজাত হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে পর্তুগাল।

প্রথম পর্যায়ে পর্তুগালের বাজারে রেনাটা অ্যামান্টাডিন ১০০ মিলিগ্রাম ক্যাপসুল, ফ্লুড্রোকর্টিসোন ০.১ মিলিগ্রাম ট্যাবলেট এবং ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট সরবরাহ করবে।

পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যামান্টাডিন অনিয়ন্ত্রিত পেশির নড়াচড়া কমাতে এবং শরীরের জড়তা দূর করতে ব্যবহৃত হয়। বাংলাদেশে রেনাটা এই ওষুধটি ‘মানটাডিন’ নামে বাজারজাত করে।

অন্যদিকে, ফ্লুড্রোকর্টিসোন একটি সিনথেটিক কর্টিকোস্টেরয়েড। অ্যাড্রিনাল অপ্রতুলতা, বিশেষ করে অ্যাডিসন রোগে হরমোন প্রতিস্থাপন চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।

ক্যাবারগোলিনও একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যা নির্দিষ্ট হরমোন-সম্পর্কিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

পর্তুগালের বাজারে এসব ওষুধ রপ্তানির মাধ্যমে ইউরোপে নিজেদের ব্যবসার পরিধি আরও বাড়াতে চায় রেনাটা। একই সঙ্গে উচ্চমানের ও নির্ভরযোগ্য ওষুধ সরবরাহকারী হিসেবে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলাদেশের ওষুধ শিল্পের জন্যও ইউরোপের নতুন একটি বাজারে প্রবেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে দেশের তৈরি ওষুধের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রপ্তানি সম্ভাবনা আরও বাড়তে পারে।