বাংলাদেশিসহ ১৬ অভিবাসীকে আটক করল রোমানিয়া, ডিপোর্টের প্রস্তুতি

romania-detains-bangladeshi-migrants-schengen

চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশিসহ মোট ১৬ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে আটক করেছে Romania। দেশটির রাজধানী বুখারেস্টের ওতোপেনি পাবলিক কাস্টডি সেন্টারের তত্ত্বাবধানে তাদের আটক রাখা হয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে General Inspectorate for Immigration (আইজিআই)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, নেপাল, তুরস্কসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত পার হওয়ার চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের অভিযোগ রয়েছে।

একই সময়ে কেন্দ্রটির সীমান্ত পুলিশ সদস্যরা ২০টি জোরপূর্বক প্রত্যাবর্তন বা ডিপোর্ট কার্যকর করেছে। এসব ডিপোর্ট সীমান্ত ক্রসিং পয়েন্টে পুলিশি পাহারায় সম্পন্ন করা হয়।

রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিদের পাবলিক কাস্টডিতে রাখা দেশটির একটি প্রশাসনিক ব্যবস্থা। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলের স্বাধীনতা সাময়িকভাবে সীমিত করা হয়, যাতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

কর্তৃপক্ষ আরও জানায়, এই ধরনের আটকাদেশ আইনগত ও বাস্তব কারণ দেখিয়ে লিখিতভাবে জারি করা হয়। সাধারণত Bucharest Court of Appeal-এর অধীন প্রসিকিউটর কার্যালয়ের অনুরোধে ৩০ দিনের জন্য এ আদেশ কার্যকর থাকে।

২০২৫ সালের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের শেঙেন অঞ্চলের স্থলসীমান্তেও যুক্ত হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ দেশটির সমুদ্র ও আকাশসীমা শেঙেনভুক্ত হয়েছিল। চলতি বছরের শুরু থেকে স্থল সীমান্ত নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, শেঙেনভুক্ত হওয়ার পর রোমানিয়ায় অবস্থানরত অভিবাসীদের জন্য ইউরোপে চলাচলের সুযোগ বাড়লেও অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের ঘটনা ঠেকাতে দেশটি এখন আরও কঠোর নজরদারি চালাচ্ছে।

রোমানিয়ায় বৈধ রেসিডেন্স পারমিট থাকলে অভিবাসীরা শেঙেন জোনে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তবে এর অর্থ এই নয় যে তারা ইচ্ছেমতো সড়ক বা বিমানপথে অন্য দেশে গিয়ে বসবাস বা কাজ করতে পারবেন।