ইউরোপের দেশ রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করতে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে। ‘Work in Romania’ নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা ও বিদেশি কর্মী নিয়োগকারী এজেন্সিগুলো অনলাইনে বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) জানিয়েছে, নতুন ব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা কমবে, আবেদনের নিষ্পত্তি দ্রুত হবে এবং ব্যবহারকারীরা আবেদনের অগ্রগতি রিয়েল টাইমে দেখতে পারবেন।
গত শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে আইজিআই জানায়, WorkinRomania.gov.ro হলো বিদেশি কর্মী নিয়োগের জন্য রোমানিয়া সরকারের চালু করা একটি সমন্বিত সরকারি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে নিয়োগকর্তা, নিয়োগকারী এজেন্সি ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান একটি অভিন্ন ইলেকট্রনিক ব্যবস্থায় তৃতীয় দেশের নাগরিকদের রোমানিয়ার শ্রমবাজারে প্রবেশসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া পরিচালনা করতে পারবে।
এক প্ল্যাটফর্মে বিভিন্ন প্রশাসনিক কাজ
নতুন প্ল্যাটফর্ম চালুর আগে বিদেশি কর্মী নিয়োগের বিভিন্ন ধাপ আলাদাভাবে পরিচালনা করতে হতো। নিয়োগকর্তা ও এজেন্সিগুলোকে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আলাদা করে আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দিতে হতো।
একই তথ্য বা নথি একাধিক প্রতিষ্ঠানে জমা দেওয়ার কারণে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয়ে উঠত। পাশাপাশি কোনো আবেদনের কাজ কোন পর্যায়ে রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানার সুযোগও সীমিত ছিল।
নতুন ব্যবস্থায় এসব প্রক্রিয়া একটি অনলাইন প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা একই অ্যাকাউন্টের মাধ্যমে নথি জমা, সরকারি যোগাযোগ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
প্রথম ধাপে প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে যেসব সেবা পাওয়া যাবে, সেগুলোর মধ্যে রয়েছে—
- নিয়োগকর্তা হিসেবে নিবন্ধন ও অনুমোদন
- বিদেশি কর্মী নিয়োগকারী এজেন্সির অনুমোদন ও অনুমোদন নবায়ন
- প্রয়োজনীয় নথি ইলেকট্রনিকভাবে জমা
- সরকারি নোটিশ ও যোগাযোগ গ্রহণ
- আবেদনের অগ্রগতি রিয়েল টাইমে পর্যবেক্ষণ
- প্রশাসনিক নথি ও সিদ্ধান্ত ইলেকট্রনিকভাবে গ্রহণ
প্ল্যাটফর্মে নিয়োগকর্তা বা এজেন্সির পক্ষে কাজ করবেন এমন ব্যক্তিদেরও নির্ধারণ করা যাবে। এতে সংশ্লিষ্ট কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ এবং ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহারের সুযোগ থাকবে।
পরবর্তী ধাপে ভিসা ও রেসিডেন্স পারমিটের আবেদন
রোমানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ধাপে একই প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি কর্মসংস্থান ভিসা এবং কাজের উদ্দেশ্যে রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানোর আবেদনসংক্রান্ত ইলেকট্রনিক প্রক্রিয়াও যুক্ত করা হবে।
এ ছাড়া আইন অনুযায়ী বিদেশি কর্মীদের কর্মসংস্থান ও অভিবাসনসংক্রান্ত আরও বিভিন্ন ডিজিটাল সেবা ধীরে ধীরে প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।
নতুন ব্যবস্থার ফলে একই কাগজপত্র বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বারবার জমা দেওয়ার প্রয়োজন কমবে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্যপ্রযুক্তি ব্যবস্থা পরস্পরের সঙ্গে যুক্ত থাকায় প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই এবং নিরাপদে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।
ব্যবহারকারীদের যেসব সুবিধা
নতুন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের ইলেকট্রনিক ফাইলে সবসময় প্রবেশ করতে পারবেন। পাশাপাশি আবেদনের প্রতিটি ধাপ অনুসরণ এবং অতিরিক্ত তথ্য বা নথির প্রয়োজন হলে স্বয়ংক্রিয় নোটিশ পাওয়ার সুবিধা থাকবে।
আবেদন বা সিদ্ধান্ত সম্পর্কেও ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে তথ্য জানানো হবে। এতে অপেক্ষার সময় কমার পাশাপাশি পুরো প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবেদনের অবস্থা জানতে একাধিক সরকারি প্রতিষ্ঠানে আলাদাভাবে যোগাযোগের প্রয়োজন হবে না। একটি ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থা অবৈধ অভিবাসন প্রতিরোধ, বিদেশি কর্মীদের সুরক্ষা এবং নিয়োগকর্তা ও নিয়োগকারী এজেন্সিগুলোর আইনগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।
একাধিক সরকারি প্রতিষ্ঠান যুক্ত
Work in Romania প্ল্যাটফর্মের সঙ্গে রোমানিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা যুক্ত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক জেনারেল ডিরেক্টরেট প্ল্যাটফর্মটির কারিগরি উন্নয়ন ও পরিচালনার দায়িত্বে থাকবে। আর জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন বিদেশি নাগরিকদের অবস্থান এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে রেসিডেন্স পারমিটসংক্রান্ত প্রক্রিয়া পরিচালনা করবে।
ন্যাশনাল এজেন্সি ফর এমপ্লয়মেন্ট বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা ও এজেন্সির নিবন্ধন এবং অনুমোদনের প্রক্রিয়া পরিচালনা করবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় ভিসা ব্যবস্থা ও eViza প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত থাকবে। ন্যাশনাল এজেন্সি ফর ফিসকাল অ্যাডমিনিস্ট্রেশন প্রয়োজনীয় করসংক্রান্ত যাচাইয়ে তথ্য সরবরাহ করবে।
শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্টার ফর ডিপ্লোমা রিকগনিশন অ্যান্ড ইকুইভ্যালেন্স প্রয়োজন অনুযায়ী বিদেশি কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ও ডিপ্লোমা যাচাইয়ে সহায়তা করবে।
এ ছাড়া প্ল্যাটফর্মটি ন্যাশনাল ট্রেড রেজিস্টার অফিসের তথ্যভান্ডার, কর্মীদের সাধারণ রেজিস্টার REGES-ONLINE এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য তথ্যপ্রযুক্তি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে।
ইংরেজি ভাষায় তথ্য ও চ্যাট সাপোর্ট
WorkinRomania.gov.ro প্ল্যাটফর্মে নিয়োগকর্তা, নিয়োগকারী এজেন্সি এবং বিদেশি কর্মীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এসব তথ্য ইংরেজি ভাষাতেও পাওয়া যাবে।
ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি ও যাচাই, নিবন্ধন ও অনুমোদনের শর্ত, প্রয়োজনীয় নথি এবং বিভিন্ন অনলাইন সেবা ব্যবহারের নিয়ম সম্পর্কে তথ্য পাবেন।
এ ছাড়া ব্যবহারকারীদের জন্য চ্যাট সাপোর্টও চালু করা হয়েছে। লিখিত ও ভয়েস—দুই ধরনের সহায়তা পাওয়া যাবে। রোমানিয়ান ভাষার পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রচলিত বিভিন্ন ভাষায় সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
রোমানিয়ার সরকারের নতুন এই উদ্যোগ দেশটির শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
