মধ্যপ্রাচ্যের দেশ Saudi Arabia-এ ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) Eid al-Adha উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস পালিত হবে আগামী ২৬ মে (মঙ্গলবার)।
রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট Inside the Haramain সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
পোস্টে বলা হয়, “আজ রাত থেকেই বরকতময় জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।”
এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। Malaysia জানিয়েছে, সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপন করা হবে।
অন্যদিকে Brunei জানিয়েছে, দেশটির আকাশে জিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, ব্রুনাইয়ে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা পালিত হবে।
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ Indonesia-ও ঘোষণা দিয়েছে যে, দেশটিতে ১৮ মে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির ধর্মমন্ত্রী Nasaruddin Umar জানিয়েছেন, ৮৮টি স্থানে চাঁদ পর্যবেক্ষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন Bangladeshসহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদুল আজহা পালিত হয়। বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসলামী শরিয়াহ অনুযায়ী, চাঁদ দেখার ভিত্তিতেই হিজরি মাস শুরু হয়। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা এবং ৯ জিলহজ আরাফাত দিবস পালিত হয়। এই দিনেই হজযাত্রীরা আরাফাহ ময়দানে একত্রিত হয়ে দোয়া ও ইবাদতে অংশ নেন।
