শুরু হলো এসএসসি পরীক্ষা, ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা ২০২৭ থেকে

SSC Exam 2026

সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে দেখা গেছে শত শত অভিভাবকের ভিড়, যারা সন্তানদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করছেন।

অনেক অভিভাবক জানিয়েছেন, সকালে তীব্র যানজটের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে পরীক্ষার সময়সূচি ও ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবি জানিয়েছেন।

এদিকে, আগামী বছর থেকে এসএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে জানুয়ারি থেকে শুরু হওয়া শিক্ষাবর্ষের কোর্স শেষ করেই পরীক্ষা নেওয়া যায়।

সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “জানুয়ারিতে কোর্স শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। তাহলে কোর্স শেষ করেই পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের জীবনের একটি বছর নষ্ট করার কোনো প্রয়োজন নেই।”

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চায়। তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, অকারণে আতঙ্কিত না হয়ে সন্তানদের স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে উৎসাহ দিতে হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডে ৩ লাখের বেশি এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে।

নতুন সরকারের অধীনে এটিই প্রথম পাবলিক পরীক্ষা। সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।